Site icon CPLUSBD.COM

দশ দিনে ভারতে গেলো ৯৪৫ মেট্রিক টন ইলিশ

সিপ্লাস ডেস্ক: দুর্গাপূজা উপলক্ষে ৪ হাজার ৬০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। এর মধ্যে গত ১০ দিনে বেনাপোল বন্দর দিয়ে ৯৪৫ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে।

শনিবার (০২ অক্টোবর) সন্ধ্যায় বেনাপোল কাস্টমসে কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা স্বপন কুমার দাস এ তথ্য জানান।

তিনি জানান, দুর্গাপূজা উপলক্ষে সরকার ৪ হাজার ৬০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। এর মধ্যে ৯৪৫ মেট্রিক টন ইলিশ ভারতে প্রবেশ করেছে এবং আগামী ৩ অক্টোবরের মধ্যে সব ইলিশ ভারতে রপ্তানির নির্দেশ রয়েছে।

বেনাপোল মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক আসওয়াদুল ইসলাম জানান, দুর্গাপূজা উপলক্ষে এবার প্রতিটি প্রতিষ্ঠানকে ৪০ মেট্রিক টন করে ১১৫টি প্রতিষ্ঠানকে চার হাজার ৬০০ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। এর মধ্যে ২০ সেপ্টেম্বর ৫২টি প্রতিষ্ঠানকে ২ হাজার ৮০ মেট্রিক টন ও ২৩ সেপ্টেম্বর ৬৩টি প্রতিষ্ঠানকে ২ হাজার ৫২০ মেট্রিক টন ইলিশ মাছ ভারতে রপ্তানির অনুমতি দেওয়া হয়।

আগামী ৩ অক্টোবরের মধ্যে রপ্তানির নির্দেশনা রয়েছে বলে জানান তিনি।