নিউজটি শেয়ার করুন

দাম বেড়েছে সোনার

সিপ্লাস ডেস্ক: সোনার বাজারে গত কয়েক সপ্তাহের দরপতনের পর গেল সপ্তাহে বিশ্ববাজারে সোনার দাম কিছুটা বেড়েছে। তবে শুধু সোনার দামই না পাশাপাশি বেড়েছে রূপার দামও। গেল সপ্তাহে বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে ১ দশমিক শূন্য ৮ শতাংশ এবং রূপার দাম বেড়েছে ১ দশমিক শূন্য ৭ শতাংশ।

বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা সংবাদমাধ্যমকে জানিয়েছেন বিশ্ববাজারে সোনার দাম বাড়ার ধারা অব্যাহত থাকলে দেশের বাজারেও দাম বাড়ানো হবে।

তিনি জানান, বিশ্ববাজারে দাম কমায় চলতি মাসে দেশের বাজারে আমরা দু’দফা সোনার দাম কমিয়েছি। তবে এখন বিশ্ববাজারে সোনার দাম বাড়ার প্রবণতা দেখা যাচ্ছে। এই দাম বাড়ার প্রবণতা অব্যাহত থাকলে বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় রেখে দেশের বাজারেও সোনার দাম বাড়ানো হবে।

এদিকে গেল মাসজুড়ে সোনার দামে টানা পতন হয়। ফেব্রুয়ারিতে বিশ্ববাজারে সোনার দাম ৫ দশমিক ৯৪ শতাংশ কমে। ফেব্রুয়ারির পতনের ধারা চলতি মাসের শুরুতেও দেখা যায়। মার্চের প্রথম সপ্তাহে বিশ্ববাজারে সোনার দাম কমে ১ দশমিক ৮৮ শতাংশ। এই টানা পতনে সোনার দাম গত ৯ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে চলে যায়।

বিশ্ববাজারে বড় পতন হওয়ায় চলতি মাসে দু’দফায় দেশের বাজারে সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সর্বশেষ গত ১০ মার্চ ভরিতে সোনার দাম ২০৪১ টাকা কমায় সোনা ব্যবসায়ীদের এই সংগঠন।

এদিকে, সোনা ও রূপার দাম কিছুটা বাড়লেও পতনের মধ্যেই রয়েছে আর এক দামি ধাতু প্লাটিনাম। গেল সপ্তাহে এই ধাতুটির দাম কমেছে দশমিক ৬৯ শতাংশ। এতে প্রতি আউন্স প্লাটিনামের দাম দাঁড়িয়েছে ১১৯৬ দশমিক ৫০ ডলারে। এর মাধ্যমে মাসের ব্যবধানে প্লাটিনামের দাম কমেছে ৫ দশমকি ৯৭ শতাংশ।