সিপ্লাস প্রতিবেদক: নগরীর আগ্রাবাদে নালায় তলিয়ে যাওয়া শিক্ষার্থী সেহেরীন মাহবুব সাদিয়ার বাসায় গিয়ে শোকাহত পরিবারকে সমবেদনা জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এর মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী।
বুধবার(২৯ সেপ্টেম্বর) বিকালে ওই শিক্ষার্থীর বাসায় যান চসিক মেয়র।
এ সময় মেয়র রেজাউল বলেন, এ ধরণের দুর্ঘটনায় প্রাণহানিতে আমি মর্মাহত ও ব্যথিত, যা ভাষায় প্রকাশ করার মত নয়। জনপ্রতিনিধি হিসেবে এ ধরণের ঘটনার দায় আমিও এড়াতে পারি না। তিনি আগামীতে এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় এবং কোনো মায়ের কোল যাতে খালি না হয় সে ব্যাপারে স্ব স্ব ক্ষেত্রে দায়িত্ব পালনকারীদের সচেতন এবং সর্তক থাকার আহ্বান জানান।
কাউন্সিলর মো. ইলিয়াস, মো. শেখ জাফরুল হায়দার চৌধুরী, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম এ সময় উপস্থিত ছিলেন।

