সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে একটি জুয়ার আসর থেকে ৯ জনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে নগদ অর্থ ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়।
গতকাল শুক্রবার দিনগত রাতে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ ডেবারপাড় এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃত সবাই ঘাম ঝরানো নিম্ন আয়ের দিনমজুর।
সারাদিন পরিশ্রম করে যা আয় করে রাতে জুয়া খেলে তা উড়িয়ে দেয়।
আটককৃতরা হলেন- মোঃ রাসেল মিয়া (৩৫), মোঃ ফয়সাল মিয়া (২৬), নজরুল ইসলাম (৪০), মোঃ এলাক মিয়া (৪৩), মোঃ নাজিম আহমেদ (২৬), বাবুল মিয়া (৩০), মোঃ রাজু মেলকার (৩৪), মোঃ আব্দুল গণি (৪৫), মোঃ বকুল ইসলাম (২০)।
ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার রাত ১১ টায় আগ্রাবাদ ডেবারপাড় একটি বাসা থেকে জুয়া খেলা অবস্থায় এই ৯ জুয়াড়িকে আটক করা হয়। তাদের কাছ থেকে নগদ ২ হাজার ২৭০ টাকা এবং ৩ প্যাকেট তাস উদ্ধার করা হয়।
আটককৃতদের মধ্যে কেউ রিকশা চালক, কেউ ভ্যান চালক, কেউ নির্মাণ শ্রমিক, কেউ সবজি বিক্রেতা আর বাকিরা দিনমজুর।
তারা সারাদিন যা আয় করে, রাতে এখানে জুয়া খেলে তা উড়িয়ে ফেলে। আটককৃত সবার বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।

