ভারতের দিল্লি শহরের কেন্দ্রস্থলে একটি ব্যাগ তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে।
রানি ঝাঁসি সড়কের আনাজ মান্দি এলাকার কারখানাটিতে রোববার স্থানীয় সময় ভোর ৫টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে বলে ফায়ার সার্ভিসের বরাতে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে।
অগ্নিকাণ্ড স্থল থেকে ৫০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ভেতরে আরও মানুষ আটকা থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দিল্লি ফায়ার সার্ভিসের উপপ্রধাসন সুনীল চৌধুরী বলেন, “৬০০ বর্গফুটের ওই কারখানাটিতে ভোরে আগুন লাগে। এর ভেতরটা অন্ধকার। এখানে স্কুলব্যাগ, বোতল তৈরি করে রাখা হত।”
যখন আগুন লাগে, তখন কারখানার শ্রমিকরা ঘুমাচ্ছিলেন বলে জানিয়েছে স্থানীয়রা।
দিল্লি ফায়ার সার্ভিসের চিফ ফায়ার অফিসার অতুল গর্গ বলেছেন, “আমরা ৫০ জনকে উদ্ধার করেছি, তাদের বেশিরভাগের ধোঁয়ায় দমবন্ধ অবস্থা হয়েছিল।”








