Site icon CPLUSBD.COM

দিল্লির সংঘর্ষে আরও বাড়লো নিহতের সংখ্যা

নাগরিকত্ব আইন নিয়ে ভয়াবহ সংঘর্ষের আগুনে পুড়ছে ভারতের রাজধানী দিল্লি। গত কয়েকদিন ধরে সংঘর্ষে মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এরই মধ্যে দুই পুলিশ কর্মকর্তাসহ ৪৩ জনের নিহতের খবর জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো। এছাড়া প্রায় ২০০ মানুষ এই ভয়াবহ সংঘর্ষে আহত হয়েছে বলে জানা গেছে।

এখনো দিল্লির জাফরাবাদসহ বিভিন্ন এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুনরায় হামলার আশঙ্কায় অনেক মুসলিম নাগরিককে গতকাল বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যেতে দেখা গেছে।

২৭ ফেব্রুয়ারি সকাল থেকে দিল্লির জাফরাবাদ, গোকুলপুর, কারওয়াল নগর, মৌজপুর, সিলমপুর, চাঁদবাগের মতো উত্তর-পূর্ব দিল্লির হিংসা উপদ্রুত এলাকাগুলোতে চলছে আধাসামরিক বাহনীর টহল।

তবে কলকাতার আনন্দবাজার জানিয়েছে, জোহরাপুরী, ভজনপুরসহ কয়েকটি এলাকায় ছোটখাটো সংঘর্ষের খবরও শোনা গেছে। এ ছাড়া জাফরাবাদ, মৌজপুর ও খাজুরিখাসে অনেক মুসলমান বাসিন্দাকে এলাকা ছাড়তে দেখা গেছে বলে আনন্দবাজার জানায়। তবে বিপরীত চিত্রও আছে। টাইমস অব ইন্ডিয়া জানায়, সহিংসতা চলাকালে অনেক মুসলিমকে আশ্রয় দিয়েছে প্রতিবেশী হিন্দুরা।

অন্যদিকে যেসব হিন্দুত্ববাদী বিজেপি নেতাদের বিদ্বেষমূলক বক্তব্যের (হেট স্পিচ) জন্য দিল্লিতে এ সহিংসতা ছড়িয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দিল্লি পুলিশ ও কেন্দ্রকে এক মাস সময় দিয়েছেন হাইকোর্ট।