সিপ্লাস প্রতিবেদক: খাগড়াছড়ি জেলার দীঘিনালা মেরুং ইউনিয়নের মধ্যবেতছড়ি গ্রামে বাবা-মায়ের সামনেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিসার আল ইসলাম নামে ১৩ মাস বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশু ওই গ্রামের বাসিন্দা মো. নাজমুল ইসলামের ছেলে।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।
মেরুং ইউনিয়নের ওয়ার্ড মেম্বার আবু কালাম জানান, আমার বাড়ির পাশে বৈদ্যুতিক লাইন থেকে উঠানে মাল্টিপ্লাগে স্ট্যান্ড ফ্যানে ধান উড়াচ্ছিলেন। পাশেই নিসারসহ তার বাবা-মা বসেছিলেন। কোন এক ফাঁকে শিশুটি মাল্টিপ্লাগের ছিদ্রে আঙ্গুল ঢুকিয়ে দেয়। তখন বিদ্যুতায়িত হয়ে চিৎকার দিয়ে পড়ে যায়। এ সময় তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

