কক্সবাজার ব্যুরো: কক্সবাজার জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বলেছেন, করোনায় অসহায় হয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর আহবানে সবাই যেভাবে সাড়া দিয়েছেন, এভাবে সাড়া দিলে অসহায় মানুষগুলো নিজেদের কখনো অসহায় মনে করবেন না। তাদের যেকোনো বিপদাপদে এই ধরনের সংগঠন আছে, তারা সহযোগিতা করবে।
রবিবার ( ২৯ মার্চ) শহরের ১ নাম্বার ওয়ার্ড়ে ” কক্সবাজার করোনা সহায়তা তহবিল” এর ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার বলেন, এখানে সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এগিয়ে এসেছেন। আর এই উদ্যোগের সাথে যারা সম্পৃক্ত তারাও সমাজের এলিট শ্রেণীর মানুষ। যাদের মনমানসিকতায় সবসময় কাজ করে, সমাজের জন্য কিছু করার।
তিনি বলেন, এখানে পুলিশের পাশাপাশি রয়েছে সাংবাদিক, রাজনীতিক, ব্যবসায়ীসহ ভালো মনের মানুষগুলো। আমি আপনাদের এই উদ্যোগকে স্বাগত জানাই। আগামীতেও যেকোনো ভালো উদ্যোগের সাথে আমরা পাশে থাকবো।
কক্সবাজার করোনা ভাইরাস সহায়তা তহবিলের সমন্বয়ক সাংবাদিক ইমরুল কায়েসর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন পদঅতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন, জেলা যুবলীগের সভাপতি শহীদুল হক সোহেল, সাধারণ সম্পাদক সোহেল আহমদ বাহাদুর, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোঃ শাহজাহান কবির, সাংবাদিক তৌফিকুল ইসলাম লিপু, সাংবাদিক এইচ,এম নজরুল ইসলাম, সাংবাদিক আজিজ রাসেল, কাউন্সিলর দিদারুল ইসলাম রুবেল, মহিলা কাউন্সিলর শাহেনা আক্তার পাখি, জেলা যুবলীগ নেতা কুতুব উদ্দিন, জেলা ছাত্রলীগ নেতা মঈন উদ্দিন, মোস্তাক আহমদ প্রমুখ।
করোনা ভাইরাস সহায়তা তহবিলের সমন্বয়ক সাংবাদিক ইমরুল কায়েস বলেন, প্রথমদিনে ১০০ জন অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পর্যায়ক্রমে শহরের প্রতিটি এলাকায় নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হবে। তিনি সাধ্যমতো সবাইকে এই মহৎ কাজে এগিয়ে আসার আহবান জানান।








