রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কর্নফুলী নদীতে বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে।
তাঁর নাম মো. হোসেন(৬২)।
বুধবার ভোররাতে বেতাগী ইউনিয়নের টংঘর এলাকায় কর্নফূলী নদীতে ভাসমান অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে স্থানীয়রা।
উপজেলার সরফভাটা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড হাজীরীখীল গোদার মুখ এলাকায় সোমবার (১ জুন ) দুপুরে কর্নফুলী নদীতে ডুবে তিনি নিখোঁজ হন।
একই এলাকায় তাঁর বাড়ি।
জানতে চাইলে স্থানীয় ইউপি সদস্য আলমগীর হাছান সিকদার বলেন, “কর্ণফুলী নদীতে বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে তিনি নিখোঁজ হয়েছিলেন । দুইদিন পর আজ ভোর ৪ টার দিকে তাঁর লাশ স্থানীয়রা পানিতে ভাসতে দেখে খবর দেন। তাঁকে খুঁজতে মাইকিং করা হয়। আজ চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের ডুবরী দল আসার কথা ছিল। সকাল ১০ টার দিকে জানাজা শেষে তাঁর লাশ দাফন করা হয়েছে।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী পানিতে ডুবে এক ব্যক্তি মারা যাওয়ার বিষয়টি জানিয়েছেন।








