সিপ্লাস ডেস্ক: অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে থাকা রাষ্ট্রের দুই আইন কর্মকর্তা মুরাদ রেজা ও মো. মোমতাজ উদ্দিন ফকির পদত্যাগ করেছেন।
মমতাজ উদ্দিন ফকির রোববার সকালে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের সলিসিটর অফিসে তার পদত্যাগপত্র জমা দেন। আর মুরাদ রেজা সরাসরি আইন মন্ত্রণালয়ে তার পদত্যাগপত্র পাঠিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, “দুজন পদত্যাগপত্র দিয়েছেন। শিগগিরই এসব পদে নতুন নিয়োগের প্রক্রিয়া শুরু হবে।”
মুরাদ রেজা ২০০৯ সালের ২৭ মার্চ থেকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করে আসছিলেন। আর মোমতাজ উদ্দিন ওই পদে নিয়োগ পান ২০১০ সালের ৪ জুলাই।
মমতাজ উদ্দিন ফকির বলেন, “ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি। এর বাইরে কিছু নয়।”

