নিউজটি শেয়ার করুন

‘দুই মন্ত্রীর ভারত সফর আটকে মোদি সরকারকে শেখ হাসিনার কড়া বার্তা’

নাগরিকত্ব সংশোধনী বিলকে কেন্দ্র করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের ভারত সফর আটকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোদি সরকারকে কড়া বার্তা দিতে চেয়েছেন বলে মনে করছে ভারতের সর্বাধিক জনপ্রিয় বাংলা সংবাদপত্র আনন্দবাজার পত্রিকা।

শুক্রবার (১৩ ডিসেম্বর) ‘বিদেশ ও স্বরাষ্ট্রমন্ত্রীর ভারত সফর আটকে বার্তা হাসিনার’ এমন শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে পত্রিকাটি।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের আমন্ত্রণে তিন দিনের সফরে বৃহস্পতিবার বিকেলে দিল্লি যাওয়ার কথা ছিল পররাষ্ট্রমন্ত্রীর। কিন্তু ওইদিন দুপুরে হঠাৎ করেই মন্ত্রী ভারত সফর বাতিল করেন। পররাষ্ট্রমন্ত্রণালয় সূত্র বলছে, বিজয় দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য পররাষ্ট্রমন্ত্রী ভারতে যাচ্ছেন না। অপরদিকে ভারতের মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার আমন্ত্রণে শুক্রবার সকাল ১১টায় সিলেটের তামাবিল হয়ে মেঘালয়ে যাওয়ার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর। কিন্তু বৃহস্পতিবার রাতে তিনিও সফর স্থগিত করেন।

নাগরিকত্ব বিল নিয়ে ভারতজুড়ে সহিংস বিক্ষোভের মধ্যেই বাংলাদেশের দুই মন্ত্রীর দেশটিতে সফর বাতিলের এ সিদ্ধান্ত আসে।

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, ‘নয়াদিল্লির বিমানে ওঠার কয়েক ঘণ্টা আগে সফর বাতিল করলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। ভারত ওশিয়ান সংলাপে যোগ দিতে তিন দিনের এই সফর বাতিলের কারণ হিসেবে তিনি জানিয়েছেন, বাংলাদেশে বিজয় দিবস (১৬ ডিসেম্বর) এবং বুদ্ধিজীবী হত্যা দিবস (১৩ ডিসেম্বর) সামনেই। সেই অনুষ্ঠানগুলোতে উপস্থিত থাকতে হবে তাকে। একই সময়ে ওশিয়ান সংলাপের তারিখ পড়ায় তার আসা হল না।

শুক্রবার মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার আমন্ত্রণে শিলংয়ে যাওয়ার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের। রাতে তার মন্ত্রণালয় জানিয়েছে, পরে ‘উপযুক্ত সময়’ মন্ত্রী এই সফরে যাবেন।