আনোয়ারা প্রতিনিধি: করোনা পরিস্থিতিতে খাদ্য সংকটে পড়া নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন লাইট টু লাইফ। শুক্রবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ‘সবার সাথে কোরবানি’ স্লোগানে বাজালিয়ার হলুদিয়ায় সুফী ভিলেজে দরিদ্র-নিম্ন আয়ের মানুষের উঠানে পশু জবাই শেষে দুই শতাধিক পরিবারের মাঝে মাংস বিতরণ করা হয়। লাইট টু লাইফ এর সাথে যৌথভাবে সহযোগিতা করেছে জার্মানীর সুফী সেন্টার রব্বানীয়া, ইউরোপীয়ান সেন্টার ফর সুফিজম এন্ড ইন্টার ফেইথ এঙ্কাউন্টারের শাইখ ইর্সাফ ইফেন্দী।
সূত্র জানায়, ২০২০ সালের মার্চে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর সংকটে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাইট টু লাইফ।’ ইতোমধ্যে সংগঠনটির মাধ্যমে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া, সুঁইপুরা, চরতি, হালুয়াঘোনা, মনেয়াবাদ, হলদিয়া, প্রান্তিক লেক, চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া, দোহাজারী, কাঞ্চননগর, বরকল, কানাইমাদারী, কেশুয়া, বাইনজুরী, বরমা, হারালা, বাঁশখালী উপজেলার কালিপুর, শেখেরখীল, পুঁইছড়ি, চাম্বল, ভাদালিয়া, ডোংরা, বরঘোনা, আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ, বরুমচড়া এবং দ্বীপ হাতিয়ায় হাজার হাজার পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য-সামগ্রী বিতরণ করা হয়েছে।
সূত্র আরও জানায়, সংগঠনের উদ্যেগে খাদ্য সহায়তার পাশাপাশি ঈদসামগ্রীও পৌঁছে দেওয়া হয়। সর্বশেষ গত ১৮ জুলাই সংগঠনের পক্ষ থেকে আনোয়ারা উপজেলার বরুমচড়ায় খাদ্য সামগ্রীও বিতরণ করা হয়।
জানা গেছে, করোনা পরিস্থিতিতে মানবতার পাশে দাঁড়ানো লাইট টু লাইফের খবরাখবর সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পেরে কোরবানি উপলক্ষে সংগঠনের সাথে মানবতার সেবায় এগিয়ে আসে জার্মানীর সুফী সেন্টার রব্বানীয়া, ইউরোপীয়ান সেন্টার ফর সুফিজম এন্ড ইন্টার ফেইথ এঙ্কাউন্টার এর শাইখ ইর্সাফ ইফেন্দী। বর্তমানে দুই সংগঠন মানবতার সেবায় যৌথভাবে কাজ করছে ।
প্রসঙ্গত উল্লেখ্য যে, তিনি গত বছর বাংলাদেশ সফরের সময় লাইট টু লাইফের কার্যালয় পরিদর্শন করেন এবং এর কার্যক্রম সম্পর্কে অবগত হন।
মানবিক কাজের ব্যাপারে লাইট টু লাইফের প্রধান উদ্যোক্তা ও উপমহাদেশের প্রখ্যাত সুফী ধারা সিলসিলায়ে আলীয়া জাহাঁগীরিয়া কাদেরীয়া চিশতিয়া আবুল উলাইয়া প্রধান কেন্দ্র মির্জাখীল দরবার শরীফের পারিবারিক সদস্য ও দরবারের মুখপাত্র মোহাম্মদ মছউদুর রহমান বলেন, করোনা পরিস্থিতিতে খেটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তাই তাদের তেমন আয় না থাকায় সংকটে আছেন তাঁরা। তাই আমরা আমাদের সাধ্যমতো তাঁদের পাশে দাঁড়িয়েছি।
তিনি আরও বলেন, আমাদের মানবিক কাজে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে জার্মানীর সুফী সেন্টার রব্বানীয়া, ইউরোপীয়ান সেন্টার ফর সুফিজম এন্ড ইন্টার ফেইথ এঙ্কাউন্টারের শাইখ ইর্সাফ ইফেন্দী।








