সাবেক চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ও চট্টগ্রাম বিভাগীয় সিভিল সার্জন ডা. সরফরাজ খান চৌধুরীকে হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় তাঁর বিরুদ্ধে মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) এ আদেশ প্রদান করেন।
বেশি দামে যন্ত্রপাতি কিনে মোট ৯ কোটি ১৫ লাখ ৩০ হাজার ৪২৫ টাকা আত্মসাতের অভিযোগে এ মামলায় চট্টগ্রামের সাবেক সিভিল সার্জন ডা. সরফরাজ খান চৌধুরীসহ ৭ জনকে আসামি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আসামিদের মধ্যে আরও রয়েছেন যন্ত্রপাতি সরবরাহকারী প্রতিষ্ঠান বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড সার্জিক্যাল কোম্পানির স্বত্বাধিকারী মো. জাহের উদ্দিন সরকার, মেসার্স আহম্মদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মুন্সী ফারুক হোসেন ও এএসএলের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আফতাব আহমেদ।
আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি ৪০৯/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
আসামিদের বিরুদ্ধে অভিযোগ, এমআরআই যন্ত্রের বাজারমূল্য দুই কোটি ৮০ লাখ টাকা। এটি কিনতে তারা ব্যয় দেখিয়েছেন ৯ কোটি ৯৫ লাখ ৫০ হাজার টাকা। চারটি কালার ডপলারের বাজারমূল্য ১ কোটি আট লাখ ৮০ হাজার টাকা হলেও ব্যয় দেখানো হয়েছে দুই কোটি ৬০ লাখ টাকা।

