Site icon CPLUSBD.COM

দুর্নীতির অভিযোগে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা কারাগারে

সিপ্লাস প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় খাগড়াছড়ি পার্বত্য জেলার অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা বিজয় কুমার সিংহকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।

সোমবার (১৫ মার্চ) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-৩ সরোয়ার জাহানের আদালত এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, কক্সবাজার জেলায় পিবিআইয়ের জেলা কার্যালয় নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণে দুর্নীতির অভিযোগে গত বছরের ১০ মার্চ একটি মামলা দায়ের করে দুদক সমন্বিত চট্টগ্রাম জেলা কার্যালয়-২।

ওই মামলায় বিজয় কুমার সিংহকে আসামি করা হয়। মামলার অপর আসামিদের জবানবন্দির ভিত্তিতে তাকে আইনের আওতায় আনা হয়েছে।

একই মামলায় অভিযুক্ত সিআইপি মো. ইদ্রিস নামে আরও একজন কারাগারে রয়েছেন। তার সাথে গ্রেফতার অপর আসামি অ্যাডভোকেট নুরুল হক কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতির জিম্মায় জামিনে রয়েছেন।

দুদকের আইনজীবী মাহমুদুল হক বাংলানিউজকে বলেন, দুদকের মামলায় খাগড়াছড়ি পার্বত্য জেলার অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা বিজয় কুমার সিংহকে গ্রেফতার করে আদালতে হাজির করা হয়। আদালত কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।