সিপ্লাস প্রতিবেদক: দুদকের দুর্নীতির মামলায় কারাবন্দি বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিনকে করোনা বিবেচনায় জামিন দিয়েছেন আপিল বিভাগ। মীর হেলাল বিষয় টি নিশ্চিত করে বলেন, তার বাবা মীর নাছিরের জামিন মঞ্জুর হয়েছে এবং সঙ্গে সাজাও স্থগিত হয়েছে।
রোববার ( ৩ জানুয়ারী) সকালে করোনা বিবেচনায় জামিন দিয়েছেন আপিল বিভাগ।
শুনানি শেষে মীর মোহাম্মদ নাছির উদ্দিনের জামিনের ওপর আজ রোববার আদেশের জন্য দিন ধার্য করেছিলেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।
আদালতে আজ আবেদনের পক্ষে শুনানি করেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী ও সুপ্রিমকোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।
২০০৭ সালের ৬ মার্চ অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে মীর নাছির ও তার ছেলে মীর হেলালের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-২ একই বছরের ৪ জুলাই এক রায়ে মীর নাছির উদ্দিনকে আলাদা ধারায় তিন বছর ও ১০ বছরের দণ্ড দেন।
একই সঙ্গে ৫০ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে দুই বছরের দণ্ড দেন। এ ছাড়া তার ছেলে মীর হেলালকে তিন বছরের কারাদণ্ড এবং এক লাখ টাকার অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের দণ্ড দেন। এ রায়ের বিরুদ্ধে বাবা-ছেলে হাইকোর্টে আলাদা দুটি আপিল করেন।








