হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনাম চৌধুরীর আপন বড় ভাই ও আব্দুল হালিম চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা (ব্যাচ নম্বর ২১০১৩) এ.কে.এম নুরুল আজম চৌধুরী (৭৫)কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
রবিবার (৯ ফেব্রুয়ারী) আসরের নামাজের পর গড়দুয়ারা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজের পরে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম নুরুল আজম চৌধুরীর দাফনের আগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।
জানাজার নামাজে হাটহাজারী উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নুরুল আলম, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী, গড়দুয়ারা ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শনিবার (৮ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় প্রকাশ্য দিবালোকে রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হারপাড়া উচ্চ ও প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাথা কেটে দেহ থেকে বিচ্ছিন্ন করে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রাতে রাউজান থানায় নিহতের ছোট ভাই এনাম চৌধুরী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে থানায় একটি মামলা রুজু করেন। মামলা নং-৫। তারিখ ০৮/০২/২০২০ ইং।








