সিপ্লাস ডেস্ক: করোনা মোকাবেলায় কর্মহীন ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বিতরণের জন্য চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের কাছে ত্রাণসামগ্রী হস্তান্তর করেছেন টিকে গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ।
শুক্রবার (১৩ আগষ্ট) সকালে চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে ৫ হাজার প্যাকেট ত্রাণ সামগ্রী হস্তান্তর করা হয়।
এসব ত্রাণ সামগ্রীতে রয়েছে চাল ডাল চিনি তৈলসহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী।
এসময় চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় পর থেকেই আমরা ত্রাণ বিতরণ শুরু করেছি। নিম্ন আয়ের মানুষের মাঝে ঘরে ঘরে গিয়ে ত্রাণ দেয়া হয়। প্রতিদিন ৪০০/৫০০ পরিবারের কাছে ত্রাণ দেয়া হচ্ছে। আমাদের পর্যাপ্ত ত্রাণ মজুদ আছে। প্রতিদিনই আমরা গরীব-অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে যাবো। করোনায় কর্মহীন অসহায়দের সহযোগিতায় সরকারের পাশাপাশি সমাজের বৃত্তবান ও বড় প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসতে হবে।
টিকে গ্রুপের পরিচালক (মার্কেটিং) মোহাম্মদ মোফাচ্ছেল হক বলেন, আত্মামানবতার সেবায় টিকে গ্রুপ সবসময় কাজ করে যাবে। বর্তমানে করোনার ক্ষতিগ্রস্থ দুস্থদের জন্য ৫ হাজার প্যাকেট খাদ্য সামগ্রী জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগেও রাউজান উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে রাউজান উপজেলায় এক হাজার প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল, টিকে গ্রুপের পরিচালক (মার্কেটিং এন্ড অপারেশন) তারেক আহমেদসহ আরো অনেকে।








