সিপ্লাস ডেক্স: পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলার বুড়িরচর গ্রামের আকনবাড়িতে অবস্থিত দৃষ্টিনন্দন মূল্যবান কাঠ দ্বারা নির্মিত মসজিদ দেখতে মানুষের ভিড়। ঐতিহ্যবাহী ‘মমিন মসজিদ’ উপমহাদেশের একমাত্র কাঠের তৈরি মসজিদ। ইতিহাসের নিদর্শন এ মসজিদটি দেখতে প্রতিদিন দেশের বিভিন্ন এলাকা থেকে লোক আসেন।
স্থানীয় সমাজসেবক ও ধর্মপ্রাণ ব্যক্তি মরহুম মমিন উদ্দিন আকন ১২০ বছর আগে মসজিদটি নির্মাণ করেছেন। মসজিদটি বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদফতর কর্তৃক সংরক্ষিত। এর কোনোরূপ ক্ষতিসাধন শাস্তিযোগ্য অপরাধ।
সরেজমিন দেখা গেছে, মসজিদটি সম্পূর্ণ কাঠের তৈরি। বহু দুষ্প্রাপ্য ও মূল্যবান কাঠ দ্বারা এটি নির্মিত। অসাধারণ ও দৃষ্টিনন্দন এর নির্মাণশৈলী। বিভিন্ন সময় বর্ষার কারণে নামমাত্র কিছু কাঠ বা রঙের ক্ষতি হলেও পরবর্তীতে মেরামত করে সৌন্দর্য ধরে রাখা হয়েছে। এ পর্যন্ত কাঠে কোনো প্রকার পোকা ধরেনি।
মুসল্লিরা জানান, মসজিদের কাঠে সামান্য কিছু পিঁপড়ে ছাড়া অন্য কোনো পোকা দেখা যায় না। বহু দূর-দূরান্ত থেকে দর্শনার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা মসজিদটি দেখতে আসেন। একবার জার্মানি থেকে এক নারী সাংবাদিকও এসেছিলেন। মসজিদে ৫ ওয়াক্ত নামাজ চলে। স্থানীয় মুসল্লিরা এখানে নামাজ পড়েন এবং মসজিদটি নিয়ে গর্ববোধ করেন।








