সিপ্লাস ডেস্ক: ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে ঈদের আগের দিন রোববার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সবাইকে শুভেচ্ছা জানিয়ে সার্বিক পরিস্থিতি তুলে ধরছেন সরকার প্রধান।
ভাষণের শুরুতেই তিনি বলেন, “মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমি বাংলাদেশের জনগণসহ বিশ্ববাসীকে আন্তরিক শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক।”
করোনাভাইরাস সঙ্কটের মধ্যে এবার বাংলা নববর্ষের আগেও জাতির উদ্দেশে ভাষণ দিয়েই সবাইকে শুভেচ্ছা জানিয়েছিলেন শেখ হাসিনা।
সোমবার বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপন হবে। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোববার ঈদ উদযাপন হলেও এই মহামারীকালে তা ছিল ভিন্ন রকমের।
করোনাভাইরাস অতিমাত্রায় সংক্রামক বলে সব ধরনের অফিস-আদালত ও গণপরিবহন বন্ধ রাখা হয়েছে গত ২৬ মার্চ থেকে।
এই সময় সবাইকে বাসায় থাকার, জরুরি প্রয়োজনে বাইরে বের হলে ন্যূনতম শারীরিক দূরত্ব বজায় রাখার এবং স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।
ঈদের দিন ঈদগাহ বা খোলা জায়গার বদলে সবাইকে বাড়ির কাছে মসজিদে ঈদের নামাজ পড়তে বলেছে সরকার।
সেইসঙ্গে মসজিদে ঈদ জামাত আয়োজনের ক্ষেত্রে সুরক্ষার ব্যবস্থা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বেশ কিছু শর্ত দিয়ে ধর্ম মন্ত্রণালয় বলেছে, এসব নির্দেশনা না মানলে ‘আইনগত ব্যবস্থা’ নেওয়া হবে।

