সিপ্লাস ডেস্ক: চট্টগ্রামসহ সারা দেশের শিশুরা আমরা আজ অত্যন্ত মর্মাহত এবং বিক্ষুব্ধ। সারা দেশব্যাপি আজ যেভাবে শিশু ও নারী ধর্ষণ, অপহরণ, হত্যা, শিশু ও নারীদের উপর যে বর্বরোচিত নির্যাতন ও সহিংসতা চলছে তাতে আমরা আতঙ্কিত। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত মুক্তিযুদ্ধের চেতনার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে এ নৃশংসতা কোন ভাবেই কাম্য নয়। আমারা খেলাঘর এর তীব্র নিন্দা ও ক্ষোভ জানাচ্ছি। অবিলম্বে কঠোর শাস্তির মাধ্যমে এসব ঘৃন্য হায়েনাদের নির্মূল করে শিশুদের জন্য একটি “আনন্দময় নিরাপদ শৈশব” নিশ্চিত করার জোর দাবী জানাচ্ছি।
আজ ১০ অক্টোবর শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটি আয়োজিত ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ-ের দাবিতে মানববন্ধনে নেতৃবৃন্দ এ কথা বলেন।
খেলাঘর সভাপতি অধ্যাপক ডা. একিউএম সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী রূপক চৌধুরী’র সঞ্চালনায় বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিজুর রহমান, গণজাগরণ মঞ্চের সমন্বয়ক শরীফ চৌহান, খেলাঘর সহ-সভাপতি সাংবাদিক এম. নাসিরুল হক, কবি আশীষ সেন, শিক্ষক নেতা অঞ্চল চৌধুরী, সম্পাদক মোরশেদুল আলম চৌধুরী, তপন মজুমদার, এসকেন্দার আলী, মিজানুর রহমান ইউনুছ, অধ্যাপক ইন্দিরা চৌধুরী, মনোয়ার জাহান মনি, নাছির উদ্দিন, সাবেকুন নাহার ঝর্ণা, পরেশ দাশগুপ্ত, রুবেল দাশ প্রিন্স, বনবিহারী চক্রবর্ত্তী, রুমা বিশ্বাস, জাহিদুল ইসলাম বিটু, সুজিত পাল, ফয়েজুর রব মুন্না, আয়েশা আক্তার নাজু প্রমুখ।
মানববন্ধনে ৯টি দাবিনামা পেশ করেন খেলাঘরের ছোট্ট বোন নূরে জান্নাত নাদিয়া। দাবিনামাগুলো- ধর্ষকের শাস্তি “মৃত্যুদন্ড” এর বিধান রেখে আইন পাস করতে হবে। দ্রুত -বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সংক্ষিপ্ততম সময়ে সাজা কার্যকর করতে হবে। শিশু কিশোর, নারী সহ সকল নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বখাটে, মাদকাসক্ত, উশৃংখল, বেপরোয়া, হিংস্র প্রকৃতির ব্যক্তিদের আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। তথাকথিত “কিশোর গ্যাং” অপরাধ চক্রের বিভিন্ন বাহিনী, “টিক টক” বাহিনী, “লাইকী” বাহিনীসহ সকল অপসংস্কৃতির বাহকদের নিষিদ্ধ করতে হবে। কিশোর অপরাধীদের অভিভাবকদেরকেও শাস্তির আওতায় আনতে হবে। ইউটিউব সহ সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত নোংরা, অশ্লীল, কুরুচিপূর্ণ প্রচার বন্ধ করতে হবে। অশ্লীল পোস্ট প্রদানকারীদের কঠোর শাস্তি দিতে হবে। শিশুদের জন্য পর্যাপ্ত খেলার মাঠ, পার্ক সহ খেলাধূলা, সাংস্কৃতিক কর্মকান্ড সহ সুস্থ বিনোদনের ব্যবস্থা করত হবে। সর্বোপরি লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে শিশু কিশোর, নারী সহ সকল নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। মানববন্ধনে খেলাঘর চট্টগ্রাম মহানগরী’র আওতাধীন শাখা আসর সমূহের শতাধিক শিশু-কিশোর ভাই-বোন অংশ নেন।

