Site icon CPLUSBD.COM

দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে কোকাকোলা কোম্পানির এক ডেলিভারি ম্যানের কাছ থেকে এক লাখ ৪৫ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১৫ আগস্ট) রাত ৮টার দিকে উত্তর রাঙ্গুনিয়ার হালিমপুর-রাণীরহাট সড়কের ঘাগড়া ব্রীজের ২০০ গজ পূর্বে চিতাখোলা নামক স্থানে এই ঘটনা ঘটে। এসময় ওই ডেলিভারি ম্যানকে মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ছিনতাইয়ের ঘটনায় রাঙ্গুনিয়ায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
ভুক্তভোগী ব্যবসায়ী মো. বখতিয়ার জানান, তিনি দীর্ঘদিন ধরে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রি এবং কোকাকোলা কোম্পানির ডিস্ট্রিবিউটর হিসেবে ব্যবসায় করে আসছেন। তার প্রতিষ্ঠানের ডেলিভারি কাজে নিয়োজিত মো. জুয়েল (৩০) ডেলিভারির টাকা সংগ্রহ করে পিকআপ গাড়ি যোগে রাণীরহাট যাচ্ছিলেন। তার সাথে নগদ ১ লাখ ৪৫ হাজার টাকা ছিল। যাওয়ার পথে হালিমপুর-রাণীরহাট সড়কের চিতাখোলা নামক এলাকায় এলে হঠাৎ ৫-৬ জন ছিনতাইকারী গাড়ি থামিয়ে ডেলিভারি ম্যানকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে টাকার ব্যগটি ছিনিয়ে নেয়। জুয়েল টাকার ব্যাগটি দিতে না চাইলে তাকে মারধরও করে ওই দুর্বৃত্তরা।
রাঙ্গুনিয়া থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। এছাড়া উত্তর রাঙ্গুনিয়ায় সক্রিয় ছিনতাইকারী চক্রটিকেও চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চালানো হচ্ছে।
এরআগে গত ১০ আগস্ট দিন-দুপুরে উত্তর রাঙ্গুনিয়া ডিসি সড়কেও একই ভাবে ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল। এক সপ্তাহের ব্যবধানে আবারও ছিনতাইয়ের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সাধারণ মানুষ।