নিউজটি শেয়ার করুন

দেশী-বিদেশী লাখো ভক্তের সমাগমে আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র প্রধান ওরশ পালিত

ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফের অধ্যাত্ম শরাফতের প্রতিষ্ঠাতা গাউছুল আজম হযরত মাওলানা শাহ্ছুফি সৈয়দ আহমদ উল্লাহ (কঃ) মাইজভান্ডারীর ১১৪ তম বার্ষিক প্রধান ওরশ মোবারক প্রতি বছরের ন্যায় এবারও ১০ মাঘ, ২৪ জানুয়ারি গুরুত্ব সহকারে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে পালিত হয়। এ প্রধান ওরশে দেশী-বিদেশী লাখো ভক্তের সমাগম ঘটে।

তিন দিন ব্যাপী এ ওরশে ভক্তদের জিকির-আজকার, ছেমা মাহফিল, কাওয়ালী ও মর্মীগানের আসর বসে। গাউসুল আজম মাইজভান্ডারীর মাজার ঘিরে আশেক-ভক্ত জায়েরিনগণ পূণ্যলাভের আশায় আল্লাহর দরবারে কান্নায় ভেঙ্গে পড়ে। ওরশ চলাকালে মাইজভান্ডার দরবার শরীফ ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয় এবং গ্রামিণ লোকজ মেলা বসেছে মাইজভান্ডার জুড়ে। জিকির, মিলাদ ও ছেমা মাহফিলের ধ্বনিতে পুরো এলাকা মুখরিত হতে থাকে। আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে র‌্যাব, পুলিশ ও প্রশাসনের বিশেষ টীম কাজ করে। প্রতিবছরের মতো ওরশ উপলক্ষে গাউছিয়া আহমদীয়া মনজিল, গাউছিয়া রহমান মনজিল, গাউছিয়া হক মনজিল, গাউছিয়া মঈনীয়া মনজিলসহ প্রতিটি মনজিলে খতমে কোরআন, খতমে গাউছিয়া, খতমে খাজেগান, মিলাদ মাহফিল, হালকায়ে জিকির, বিশেষ মোনাজাত পরিচালিত হয়। এ ওরশ শরীফে মুসলিম উম্মাহ এবং দেশের সার্বিক সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে আখেরী মুনাজাত করেন, গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের প্রধান সাজ্জাদানশীন আলহাজ্ব হযরত শাহছুফি সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারী (ম:জি:আ:), গাউছিয়া রহমান মনজিলের পক্ষে প্রধান সাজ্জাদানশীন শাহসূফি সৈয়দ মুজিবুল বশর মাইজভান্ডারী (ম:জি:আ:), গাউছিয়া হক মনজিলের পক্ষে শাহসূফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী (ম:জি:আ:)।

উল্লেখ্য- ১৯০৭ সাল থেকে প্রতিবছর ১০ মাঘ (২৪ জানুয়ারী) ঐতিহ্যবাহী এ ওরশ অনুষ্ঠিত হচ্ছে। দেশের কমবেশি প্রায় সব এলাকা থেকেই ভক্তরা আসেন এখানে।

এ উপলক্ষে রেলওয়ে কর্তৃপক্ষ ৯-১১ মাঘ বিশেষ ট্রেনের ব্যবস্থা করে। সড়কপথে বাস, ট্রাক, কার, মাইক্রো, মিনিবাস, টেম্পো ইত্যাদি নিয়েও আসেন ভক্তরা। ওরশ আয়োজন নির্বিঘ্ন করতে সহায়তা দেয় প্রশাসন। দরবার কর্তৃপক্ষ, উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ একযোগে কাজ করে। সক্রিয় ভূমিকা রাখে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী। বিশুদ্ধ পানি সরবরাহ, চিকিৎসাসেবা ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার উদ্যোগ নেয়া হয় সর্বত্র।