নিউজটি শেয়ার করুন

দেশের বিমান বন্দরেও আটকা পড়ছেন আমিরাতের যাত্রীরা

সিপ্লাস প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি বিমানবন্দরে করোনাকালীন সময়ে বাংলাদেশ থেকে যাওয়া যাত্রীরা আটকা পড়ছেন। অনেকে স্থানীয় স্পন্সরদের সহায়তায় সে দেশে প্রবেশ করলেও অধিকাংশরা আমিরাত সরকারের অনুমতি না পাওয়ায় নিরুপায় হয়ে দেশে ফিরে আসছেন।

আমিরাত সরকারের সৃষ্ট এ জটিলতা বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে বিভিন্ন মাধ্যমে সমাধানের চেষ্টা করেও এখনো কোন সুরাহা না হওয়ায় বর্তমানে আমিরাত যাত্রীদের দেশের বিমান বন্দর থেকেও ফেরত পাঠানো হচ্ছে।

আজ মঙ্গলবারও প্রায় ১৫০ জন যাত্রী চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরে আটকা পড়েছেন বলে ভূক্তভোগীরা জানান।

আমিরাত সরকারের নিয়ম অনুযায়ী, এয়ারলাইন্সগুলোকে তাদের যাত্রীদের নিয়ে আসার পূর্বে আবুধাবি ইমিগ্রেশন থেকে API (Advances passengers Information) নিতে হয়। কিন্তু বিমান ও এয়ার এরাবিয়া এয়ারলাইন্স  ঢাকা থেকে আসার আগে কতজন যাত্রী নিয়ে আসছেন এবং যাত্রী কারা ছিলেন সে তথ্য আবুধাবি ইমিগ্রেশনকে না দেওয়ায় অর্থাৎ API না দেওয়ায় আবুধাবি ইমিগ্রেশন যাত্রীদের বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিচ্ছেন বলে বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে।

দূতাবাসের দায়িত্বশীলরা চাকুরিজীবিদের ক্ষেত্রে আমিরাত সরকারের ওয়েবসাইটে ভিসার বৈধতা যাচাই করে টিকেট নেয়ার অনুরোধ জানান।

এ ব্যাপারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে নোটিশও জারি করা হয়েছে। এতে ওয়েবসাইটে যাদের ভিসার বৈধতা পাওয়া যাচ্ছে না, বিড়ম্বনা এড়াতে তাদের টিকেট বুকিং না দেয়ার কথা উল্লেখ করা হয়।

এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, যারা দেশের বিমান বন্দর থেকে ফেরত যাচ্ছেন তারা টিকেটের মূল্য ফেরত পাবেন। অথবা আমিরাত সরকারের সৃষ্ট জটিলতা নিরসন করা গেলে পরবর্তীতে বিমানের সিডিউল পাওয়ার ব্যবস্থা করা হবে।