Site icon CPLUSBD.COM

দেশের মৌলিক বিষয়ে সকল রাজনৈতিক দল ঐক্যমতে আসা উচিত

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, দেশের মৌলিক বিষয়ে সকল রাজনৈতিক দল ঐক্যমতে আসা উচিত। এতে গণতন্ত্র সুপ্রসারিত হয়ে দেশের সার্বিক অগ্রযাত্রা আরো তরান্বিত হবে। গড়ে উঠবে সৌহার্দ্য ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ। এ ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অগ্রণী।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে নগরীর ওয়াসা মোড় মুনতাসির সেন্টারে সিপ্লাস টিভির স্থায়ী কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করতে গিয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় মন্ত্রীর সাথে ছিলেন সিপ্লাস টিভির এডিটর ইন চীফ আলমগীর অপু।

‘রাজনীতি যার যার, বঙ্গবন্ধু সবার’ এ স্লোগান সম্বলিত ম্যুরালটি সম্পর্কে শিক্ষা উপমন্ত্রী আরো বলেন, দেশ বিদেশে অনেক ধরনের ম্যুরাল রয়েছে। কিন্তু এমন ব্যতিক্রম স্লোগান আমি কোথাও দেখিনি। যা আমাকে অত্যন্ত মুগ্ধ করেছে। এই স্লোগানের মধ্য দিয়ে সিপ্লাস টিভি দেশের মৌলিক বিষয়ে সকল মতাদর্শের মানুষের মধ্যে ঐক্যমত গড়ে তোলার বিরল উদ্যোগ গ্রহণ করেছে। এটিও একটি বড় অর্জন হিসেবে সিপ্লাস টিভি গণমাধ্যমের ইতিহাসে আরেকটি নতুন অধ্যায় সংযোজন করবে।

ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ’৭৫ এর পর জাতির জনক বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার জন্য এ দেশে অনেক অপশক্তি নানা ভাবে অপচেষ্টা চালিয়েছে। মানুষের মণিকোঠায় ঠাই থাকার পাশাপাশি গণমাধ্যমের সাহসী ভূমিকার কারণে সকল ষড়যন্ত্র উৎখাত হয়েছে।

তিনি বলেন, পৃথিবীর অনেক দেশে সকল মতাদর্শের মানুষ জাতির জনকের স্বীকৃতি নিয়ে অভিন্ন মত পোষণ করে থাকেন। অথচ আমাদের দেশে অনেকে জাতীয় অনেক মৌলিক বিষয় নিয়ে বিভাজন সৃষ্টি করে হীনমন্যতা ও সংকীর্ণতার পরিচয় দিয়ে থাকে। যা অত্যন্ত দূ:খ ও বেদনা দায়ক। কোন বিবেকবান মানুষ এমন মানসিকতা পোষণ করতে পারেন না। ’৭৫ পরবর্তী সময়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান গঠন্ত্র সংশোধন করে বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধ করতে চেয়েছেন। কিন্তু কখনো প্রকাশ্যে বঙ্গবন্ধুর বিরোধীতা করেননি। আমি মনে করি দেশের সকল রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও বঙ্গবন্ধুর ভূমিকা ও স্বীকৃতি নিয়ে অভিন্ন মতামত ধারণ করে থাকেন। হয়তো অনেকে রাজনৈতিক স্বার্থের কারণে কোন কোন ক্ষেত্রে তা এড়িয়ে চলেন।

সিপ্লাস টিভির এডিটর ইন চীফ আলমগীর অপু বলেন, জাতির জনক বঙ্গবন্ধু বিশ্বের অবিসংবাদীত নেতা। তাঁর প্রতিটি আন্ধোলন-সংগ্রাম সারা বিশ্বের বিস্ময়। আমাদের মধ্যে অনেক বিষয়ে মতভেদ থাকতে পারে। কিন্তু বঙ্গবন্ধুকে নিয়ে কোন বিতর্ক থাকতে পারে না। তিনি সব কিছুর উর্ধ্বে। তাই সিপ্লাস টিভির ম্যুরালে যুক্ত করা হয়েছে ‘রাজনীতি যার যার, বঙ্গবন্ধু সবার’ এ স্লোগান। সিপ্লাস টিভি ইতিমধ্যে নানা বিষয় নিয়ে সামজিক আন্দোলনের সূচনা করেছে। আরেকটি জাতীয় দায়িত্ব হিসেবে ‘বঙ্গবন্ধু সার্বজনীন’ এ জনমত গড়ে তোলার জন্য ব্যতিক্রম স্লোগান সম্বলিত এ ম্যুরাল স্থাপন।