Site icon CPLUSBD.COM

দেশের সংসদীয় ইতিহাসে বাদলের অবদান স্মরণীয় হয়ে থাকবে: রাষ্ট্রপতি

বৃহস্পতিবার এক শোক বার্তায় তিনি বলেন, “মরহুম মইন উদ্দীন খান বাদল সংসদের বিভিন্ন কমিটিসহ বিভিন্ন ইস্যুতে গঠনমূলক মতামত প্রদান করে সংসদ পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।”

রাষ্ট্রপতি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বেঙ্গালুরুতে নারায়ণ ইনস্টিটিউট অব কার্ডিয়াক সায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর ৫টার দিকে মৃত্যু হয় বাংলাদেশ জাসদের কার্যকরি পরিষদের সভাপতি বাদলের।

দুই বছর আগে ব্রেইন স্ট্রোক হওয়ার পর থেকেই অসুস্থ ছিলেন তিনি। ৬৭ বছর বছর বয়সী এই রাজনীতিবিদ হৃদযন্ত্রের জটিলতায়ও ভুগছিলেন।

পৃথক এক শোক বার্তায় স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, “বীর মুক্তিযোদ্ধা মইন উদ্দীন খান বাদলের মৃত্যুতে দেশ একজন অকুতোভয় মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও অভিজ্ঞ পার্লামেন্টারিয়ানকে হারালো। তার মৃত্যু দেশ ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।”

ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া এবং সংসদের প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরীও আলাদা বিবৃবিতে বাদলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।