Site icon CPLUSBD.COM

দেশে আইসিইউ শয্যা ১১২টি : স্বাস্থ্য অধিদফতর

সিপ্লাস ডেস্ক: দেশের হাসপাতালগুলোতে ১১২টি আইসিইউ শয্যা আছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. সানিয়া তাহমিনা।

বুধবার (৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এই সংখ্যা প্রতিনিয়ত বাড়ানো হচ্ছে বলে আশাবাদ প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, হাসপাতালে সর্বমোট আইসিইউ শয্যা আছে ১১২টি। গত ২৪ ঘণ্টায় ১৬ জনকে আমাদের আইসোলেশনে নিতে হয়েছে। এ পর্যন্ত ১১১ জনকে আইশোলেশনে নেয়া হয়েছে। আইসোলেশনের শয্যা সংখ্যা ঢাকা মহানগরীতে ১৫৫০টি এবং ঢাকা শহরের বাইরে বিভিন্ন হাসপাতালে ৬ হাজার ১৪৩টি। এই সংখ্যা প্রতিনিয়ত বাড়ানো হচ্ছে।

এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ২০ জনে। আর নতুন শনাক্ত হয়েছেন ৫৪ জন। সরকারি হিসাবে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২১৮ জন। আজই প্রথম সর্বোচ্চ ৯৮১ জনের নমুনা পরীক্ষা করা হলো। আজ শনাক্ত ৫৪ জনের মধ্যে ৩৯ জনই রাজধানীর।

৮ মার্চ থেকে ৮ এপ্রিল। প্রথম করোনা শনাক্ত হওয়ার পর এক মাস পার করল বাংলাদেশ। এর মধ্যে চক্রবৃদ্ধি হারে বাড়ছে আক্রান্তের সংখ্যা। প্রথমদিকে চিকিৎসা ব্যবস্থা রাজধানীকেন্দ্রিক হলেও ধীরে ধীরে বাড়ছে এর পরিধি। পিপিই সংগ্রহ ও বিতরণের পাশাপাশি এর মধ্যে বেড়েছে পরীক্ষা কেন্দ্রের সংখ্যাও।

দেশজুড়ে পরীক্ষার সংখ্যা বাড়ছে, তাই বাড়ছে নতুন শনাক্তের সংখ্যাও। চলতি সপ্তাহ থেকে প্রায় প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা।

তবে বুধবার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ব্রিফিংয়ে জানানো হয়, মঙ্গলবারের চেয়ে কম মারা গেছে গত ২৪ ঘণ্টায়। আশঙ্কার কথা, নতুন আক্রান্তদের বেশিভাগই পাওয়া যাচ্ছে ঢাকায়।