নিউজটি শেয়ার করুন

দেশে এক দিনে রেকর্ড ৮,৩৬৪ করোনা রোগী শনাক্ত, মৃত্যুও শতাধিক

দেশে এক দিনে রেকর্ড ৮৩৬৪ করোনা রোগী শনাক্ত মৃত্যুও শতাধিক
সিপ্লাস ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৮ হাজার ৩৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের সংখ্যায় এটাই দেশে সর্বোচ্চ রেকর্ড। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ১০৪ জনের।
সোমবার (২৮ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ২৭৬ জনে। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮ লাখ ৯৬ হাজার ৭৭০ জনে।
সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে গত ৭ এপ্রিল ৭ হাজার ৬২৬ জন নতুন রোগী শনাক্তের খবর এসেছিল। দেশে মহামারী শুরুর পর থেকে সেটাই ছিল দেশে এক দিনে শনাক্ত রোগীর সর্বোচ্চ সংখ্যা।

 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৫৭০ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৭ হাজার ৬৭৩ জন। এদিন মোট নমুনা পরীক্ষা করা হয় ৩৫ হাজার ৫৯ জনের। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩ দশমিক ৮৬ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৫ লাখ ৪১ হাজার ৮৪০টি।

এর আগে, দেশের এ যাবতকালে করোনায় মৃত্যুর সব রেকর্ড ছিল গতকাল রোববার। ওইদিন মৃত্যুর মিছিলে যোগ হয়েছে আরও ১১৯ জন। এছাড়া, চলতি বছরের ১৯ এপ্রিল দেশে করোনায় দ্বিতীয় সর্বাধিক ১১২ জনের মৃত্যু হয়। গত ২৫ জুন মারা যান ১০৮ জন। এছাড়া ১৮ এপ্রিল ১০২ জন মারা যান। ১৬, ১৭ ও ২৫ এপ্রিল মারা যান ১০১ জন করে।

 

এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হলো ৩৯ লাখ ৩৮ হাজার ৮১৭ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ১৮ লাখ ৬১ হাজার ২৬৮ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ কোটি ৬৩ লাখ ৭৩ হাজার ৯৬২ জন।