নিউজটি শেয়ার করুন

দেশে করোনায় আরও ৩৯ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৯০৭

সিপ্লাস প্রতিবেদক: দেশে মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা যাওয়া মানুষের তালিকা ক্রমশঃ দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাস কেড়ে নিয়েছে আরও ৩৯ জনের প্রাণ। ফলে করোনায় মোট মারা গেলেন তিন হাজার ৪৩৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে আরও দুই হাজার ৯০৭ জনের মধ্যে। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা এখন দুই লাখ ৬০ হাজার ৫০৭।

সোমবার (১০ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক দৈনন্দিন হেলথ বুলেটিনে এ তথ্য তুলে ধরেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

শনাক্ত, সুস্থতা ও মৃত্যুর হার

সোমবারের বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২২ দশমিক ৬২ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২০ দশমিক ৪৬ শতাংশ। আর রোগী শনাক্ত তুলনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৭৫ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ।

বৈশ্বিক সর্বশেষ
গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানোর পর গোটা বিশ্বকে মৃত্যুপুরীতে পরিণত করেছে করোনাভাইরাস। এতে আক্রান্তের সংখ্যা দুই কোটি ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা সাত লাখ ৩৪ হাজারের বেশি। তবে সুস্থ রোগীর সংখ্যা এক কোটি ২৯ লাখ ছাড়িয়েছে। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর এতে প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।