Site icon CPLUSBD.COM

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৪২৩ জনের শরীরে করোনা শনাক্ত, মারা গেছে ৩৫জন

সিপ্লাস ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও  ২৪২৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এসময়ে মারা গেছে ৩৫জন।

বৃহস্পতিবার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা এ তথ্য জানান।

বাংলাদেশে এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে মোট ৫৭ হাজার ৫৬৩ জন এবং মারা গেছে মোট ৭৮১ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৪৭০ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হলেন ১২ হাজার ১৬১ জন।

এর আগে বুধবার অধিদপ্তর ২ হাজার ৬৯৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হওয়ার তথ্য দেয়। এছাড়া ওইদিন ৩৭ জনের মারা যাওয়ার কথা জানিয়েছিল সংস্থাটি।

তার আগে মার্চ থেকে দেশে শুরু হওয়া সাধারণ ছুটি শেষ হয় গেল শনিবার। রোববার (৩১ মে) থেকে শুরু হয় কর্মদিবস। সাধারণ ছুটি চলাকালীনই দেশে স্বাস্থ্যবিধি না মানার বিষয়টি বারবার আলোচনায় আসছিল। আর কর্মদিবস শুরুর পর থেকে সেই নির্দেশনা চরমভাবে লঙ্ঘনের বিষয়টি সামনে আসছে।

আর এই সময়ের মধ্যে করোনা শনাক্তও হচ্ছে আগের চাইতে তুলনামূলক বেশি মানুষের শরীরে। সাধারণ মানুষ যদি সরকারের নির্দেশনা অমান্য করেন তবে তা ভয়াবহ আকার ধারণ করতে পারে বলেও বারবার হুঁশিয়ার করে দিয়েছেন সংশ্লিষ্টরা।