সিপ্লাস প্রতিবেদক: দেশে গত ২৪ ঘন্টায় আরও ১১ হাজার ১৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে আরও ২৬৪ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার(১০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এর আগে গত ৫ আগস্ট ২৬৪ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। দেশে এক দিনে কোভিডে মৃত্যুর এটাই সর্বোচ্চ সংখ্যা।
রেকর্ড মৃত্যুর পরদিন ৬ আগস্ট দেশে করোনাভাইরাসে মৃত্যুর মোট সংখ্যা ২২ হাজারের দুঃখজনক মাইলফলক পেরিয়ে গিয়েছিল। তা ২৩ হাজারে পৌঁছাল মাত্র চার দিনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সাড়ে ৪৭ হাজার নমুনা পরীক্ষা করে আরও ১১ হাজার ১৬৪ জনের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। তাতে এ পর্যন্ত শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৩ লাখ ৭৬ হাজার ৩২২ জন।
আর গত এক দিনে মারা যাওয়া ২৬৪ জনকে নিয়ে দেশে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ২৩ হাজার ১৬১ জন হল।
সরকারি হিসেবে এক দিনে সেরে উঠেছেন ১৪ হাজার ৯০৩ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১২ লাখ ৩৪ হাজার ৭৬২ জন সুস্থ হয়ে উঠলেন।








