চন্দনাইশ প্রতিনিধি: চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার দাতব্য সংগঠন ‘আলহাজ্ব আবুল কাশেম লেদু চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশন’র উদ্যোগে দোহাজারী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের দেড় হাজার সংখ্যালঘু পরিবারে উপহার (খাদ্য) সামগ্রী প্রদান করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সকালে সাবেক দোহাজারী ইউ.পি চেয়ারম্যান মরহুম আলহাজ্ব আবুল কাশেম লেদু’র বাড়িতে উপহার সামগ্রী বিতরণ কর্মসূচি উদ্ভোধন করেন আলহাজ্ব আবুল কাশেম লেদু চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশন সভাপতি ও চন্দনাইশ উপজেলা যুবলীগ সদস্য আলহাজ্ব মোঃ লোকমান হাকিম।
এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনটির সহ-সভাপতি ও দোহাজারী গ্রীণ হাসপাতালের চেয়ারম্যান মোঃ সোলাইমান, সাধারণ সম্পাদক কবি ও প্রাবন্ধিক মুহাম্মদ জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সাদ্দাম হোসেন নিরব, সংগঠনটির উপদষ্টা ও কাতার বঙ্গবন্ধু পরিষদ সভাপতি আলহাজ্ব হাসান মাবুদ, ভাই ভাই একতা সংঘের সভাপতি সোহেল, আব্দুল হাকিম, নুর মোহাম্মদ, নুরুল ইসলাম মিন্টু, আকতার প্রমূখ।
পরে একটি ট্রাকে করে দোহাজারী পৌরসভার বিভিন্ন এলাকায় ঘরে ঘরে গিয়ে এই উপহার (খাদ্য) সামগ্রী প্রদান করা হয়। করোনা ভাইরাসের কারনে হঠাৎ করেই কর্মহীন হয়ে পড়া সংখ্যলঘু সম্প্রদায়ের নিম্ম আয়ের মানুষের পাশাপাশি মধ্যবিত্ত পরিবারের মাঝেও এই খাদ্য সহায়তা প্রদান করা হয়।
খাদ্য সহায়তা প্রদানকালে সাধারণ মানুষকে করোনা ভাইরাসের ভয়াবহতা সম্পর্কে বুঝিয়ে তাঁদেরকে বাড়িতে অবস্থান করার অনুরোধ জানিয়ে আলহাজ্ব মোঃ লোকমান হাকিম বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী করোনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। এইযুদ্ধে জয়লাভ করতে হলে প্রত্যেককে ঘরে থাকা নিশ্চিত করতে হবে। গৃহবন্দী মানুষ যেন খাদ্যের অভাবে কষ্ট না পায় সেজন্য সরকারের পাশাপাশি বিত্তশালী মানুষদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবের জন্য। এ কারনে আমার পিতার নামে গড়ে তোলা সংগঠনের উদ্যোগে বিগত দিনগুলোর মত করোনা পরিস্থিতির কারনে কর্মহীন হয়ে পড়া সমাজের নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এই পরিস্থিতিতে সমাজের সকল বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানো জরুরি বলে মনে করছি।”
বিগত দিনগুলোর মতো আগামী দিনেও যেকোনো দুর্যোগে অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “আমার পিতার জীবদ্দশায় তাঁর সাথে থেকে আমরা শিখেছি কিভাবে মানুষের সেবা করতে হয়। পিতার আদর্শ বুকে ধারণ করে করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া গৃহবন্দী মানুষের মাঝে এই উপহারসামগ্রী প্রদান করছি।
সম্প্রতি চাগাচর ১ ও ২ নং ওয়ার্ড এবং দোহাজারী সদর ৩নং ওয়ার্ডে উপহারসামগ্রী প্রদান করেছিলাম। তারই ধারাবাহিকতায় ফাউন্ডেশনের পক্ষ থেকে পর্যায়ক্রমে প্রতিটা ওয়ার্ডে জাতি-ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা অসহায় পরিবারে উপহার সামগ্রী পৌঁছে দেয়া হবে। আজকে সংখ্যালঘু সম্প্রদায়ের মাঝে দেয়া হয়েছে, রমজানকে সামনে রেখে মুসলিম পরিবারেও উপহার সামগ্রী পৌঁছে দেয়া হবে।”

