নিউজটি শেয়ার করুন

দোহাজারীতে পুলিশকে চাপা দেওয়া মাইক্রোবাসের সহকারী শাহ আমানত মাজার থেকে গ্রেফতার

দোহাজারীতে পুলিশকে চাপা দেওয়া মাইক্রোবাসের সহকারী শাহ আমানত মাজার থেকে গ্রেফতার

সিপ্লাস প্রতিবেদক: দোহাজারীতে পুলিশ সদস্যকে চাপা দিয়ে পালানো মাইক্রোবাস চালকের সহকারীকে নগরীর শাহ আমানত মাজার থেকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার গভীর রাতে কোতোয়ালী থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

গ্রেফতার মো. রুবেল (২৫) কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব ডোমখালীর বাসিন্দা।

কোতোয়ালী থানার এসআই মৃণাল কান্তি মজুমদার জানান, গত ৫ আগস্ট ঘটনার পর থেকে রুবেল পালিয়ে ছিলেন। পরে নগরীর শাহ আমানত মাজারে এসে আত্মগোপন করে।

গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে মাজার এলাকায় অভিযান চালিয়ে রুবেলকে গ্রেফতার করা হয় বলে জানান তিনি।

মহামারী সংক্রমণ রোধে লকডাউন চলাকালীন যানবাহন চলাচল নিয়ন্ত্রণে গত ৫ আগস্ট সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে তল্লাশী চৌকি বসায় হাইওয়ে পুলিশের দোহাজারী থানার সদস্যরা।

ওইদিন চকরিয়া থেকে চট্টগ্রাম শহরগামী যাত্রীবাহী একটি মাইক্রোবাসকে থামার সংকেত দেন সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা। চালক গতি কমালে দুই পুলিশ সদস্য এগিয়ে যান।

চালক সে সময় এগিয়ে আসা পুলিশ সদস্যদের পাশ কাটিয়ে দ্রুত চলে যাওয়ার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা রাব্বি ভূঁইয়া ও আরাফাত নামের অপর দুই পুলিশ সদস্যকে চাপা দেন। এতে ঘটনাস্থলে রাব্বি মারা যায় বলে জানিয়েছিলেন হাইওয়ে পুলিশের এএসপি মো. ফরহাদ।

পরে পুলিশ সদস্যরা ধাওয়া করে দোহাজারী বাজার থেকে মাইক্রোবাস আটক করলেও চালক ও সহকারী পালিয়ে যান।

ওই ঘটনায় সাতকানিয়া থানায় মাইক্রোবাসের চালক, সহকারী ও মালিককে আসামি করে মামলা করে হাইওয়ে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা ও সাতকানিয়া থানার এসআই জাকির হোসেন জানান, মামলার পর গাড়ির মালিককে গ্রেফতার করা হয়েছিল। এ নিয়ে মোট দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here