নিউজটি শেয়ার করুন

দোহাজারীতে বেশি দামে লবন বিক্রি করায় চার দোকানকে ২০ হাজার টাকা জরিমানা করলেন ইউএনও

দেশে পর্যাপ্ত পরিমাণ লবন মজুদ থাকা সত্বেও গুজবের কারনে ব্যবসায়ীরা বেশি দামে লবণ বিক্রি করছেন এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত ১০ টায় চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় অভিযান চালিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও দোহাজারী পৌরসভার প্রশাসক আ.ন.ম বদরুদ্দোজা।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দোহাজারী পৌরসভার শাহ তৈয়্যবিয়া ষ্টোর, মাসুম সুপার ষ্টোর, মোহছেন আউলিয়া ষ্টোর ও দেলোয়ার ষ্টোরকে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করেন তিনি।

অভিযান পরিচালনা ও জরিমানার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম বদরুদ্দোজা জানান, “দেশে লবনের কোন ঘাটতি নেই। সাড়ে চার লাখ টন লবন উদ্ধৃত রয়েছে। পর্যাপ্ত পরিমাণ লবন মজুদ থাকা সত্বেও গুজবের কারনে ব্যবসায়ীরা সুযোগের সৎ ব্যবহার করে লবনের দাম বেশি রাখছে। সাধারণ ক্রেতাদের ঠকাচ্ছে।

মঙ্গলবার সন্ধ্যায় এমন সংবাদ পেয়ে আমাদের লোক দিয়ে লবন কিনিয়ে দাম বেশি রাখার সত্যতা পেয়ে তাৎক্ষণিকভাবে দোহাজারী বাজারে অভিযান চালিয়ে চার দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করেছি। প্রথমবারের মতো অপরাধ করায় তাদেরকে জরিমানা করে সতর্ক করেছি। পরবর্তীতে এমন অভিযোগ পেলে জরিমানার পাশাপাশি জেলও দেয়া হবে। গুজব ছড়িয়ে কাউকে বেশি দামে পণ্য বিক্রি করতে দেয়া হবে না। যেখানেই তথ্য পাচ্ছি অভিযান চালাচ্ছি। অভিযান অব্যাহত থাকবে।