চন্দনাইশ প্রতিনিধি: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা এলাকায় ৪’শ পিস ইয়াবাসহ মোঃ সোহেল রানা ওরফে খোকন (২০) নামে এক যুবককে আটক করেছে দোহাজারী তদন্ত কেন্দ্র পুলিশ।
সোমবার (১৮ মে) রাত পৌণে একটায় দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্র আই.সি পরিদর্শক মনিরুল ইসলাম ভূইয়া সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে দোহাজারী পৌরসভার হাজারী টাওয়ারস্থ খাজা ফার্মেসীর সামনে থেকে ওই যুবককে আটক করেন বলে জানা গেছে। আটক মোঃ সোহেল রানা ওরফে খোকন কক্সবাজার জেলার উখিয়া থানার ইনানী ইউনিয়নের লম্বরিপাড়া কোটবাজার এলাকার রফিক মুন্সি বাড়ির মোঃ রফিকুল ইসলামের ছেলে।
এ ব্যাপারে দোহাজারী তদন্ত কেন্দ্র আই.সি পরিদর্শক মনিরুল ইসলাম ভূইয়া জানান, “গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সোমবার রাত পৌণে একটায় দোহাজারী পৌরসভাস্থ হাজারী টাওয়ারস্থ খাজা ফার্মেসীর সামনে থেকে ওই যুবককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৪শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।”
আটক যুবকের বিরুদ্ধে চন্দনাইশ থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।








