চন্দনাইশ প্রতিনিধি: চন্দনাইশ উপজেলার দোহাজারী তদন্ত কেন্দ্রের পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চার হাজার পিস ইয়াবাসহ তিন জনকে আটক করেছে ।
এসময় ইয়াবা বহনকাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, শনিবার (২৬ জুন) রাত সাড়ে ১০টায় দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এস আই) জাকির হোসেন দোহাজারী পৌরসভা সদরস্থ সিঙ্গার শো-রুমের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর অস্থায়ী চেক পোষ্ট বসিয়ে চার হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও ইয়াবা বহনকাজে ব্যবহৃত একটি ট্রাক (ঢাকা মেট্টো-ট-১৪-২২৪৩) জব্দ করেছে।
এসময় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ পৌরসভার হিরাজিল হাউজিং এলাকার মৃত হাশেম বেপারী ওরফে হাসু বেপারীর ছেলে মো. শাহিন (৪০) ও মৃত হাশেম মৃধার ছেলে মো. শাহ্ আলম (২৭) এবং মৃত মোঃ হাছান আলীর ছেলে মো. কাশেম (২৫) কে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দীন সরকার বলেন, “আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। ইয়াবা পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়েছে।” আটককৃত আসামীদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।








