চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় একটি কালভার্টের অভাবে নিত্যদুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় জনসাধারণকে।
পৌর এলাকার ৬ নং ওয়ার্ডের জামিজুরী হিন্দুপাড়া টু আদর্শগ্রাম সড়কে সাতছড়ি খালের উপর নির্মিত ডাবলবেন্ড কালভার্টটি ভেঙ্গে পড়ার পর ২ বছর অতিবাহিত হলেও নতুনভাবে কালভার্ট নির্মাণ না হওয়ায় নিত্যদুর্ভোগ পোহাতে হয় এলাকাবাসীকে।
স্থানীয়রা জানান, ২০১৭ সালের ১১ মে দোহাজারী ইউনিয়ন বিলুপ্ত করে পৌরসভায় উন্নীত করা হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি ৬ নং ওয়ার্ডের হিন্দু পাড়ায়। এই ওয়ার্ডের যাতায়াত অবস্থা অত্যন্ত শোচনীয়। এলাকায় চলাফেরা করার জন্য কোন সুব্যবস্থা নেই, পৌরসভার আওতাভুক্ত হলেও উন্নয়নের ছোঁয়া থেকে তারা বঞ্চিত রয়েছেন।
দোহাজারী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে উন্নয়ন কাজ শুরু হলেও সবচেয়ে অবহেলিত হয়ে পড়ে রয়েছে জামিজুরী হিন্দুপাড়া টু আদর্শগ্রাম সড়ক।
স্থানীয় জনপ্রতিনিধি (সাবেক ৬নং ওয়ার্ডের ইউ.পি সদস্য) চন্দন ধর জানান, “সাবেক দোহাজারী ইউনিয়নের (বর্তমানে পৌরসভা) ৬ নং ওয়ার্ডের জামিজুরী হিন্দুপাড়া ও পার্শ্ববর্তী মুসলিম পাড়ার দুই শতাধিক পরিবারের যাতায়াতের একমাত্র পথ জামিজুরী হিন্দুপাড়া টু আদর্শগ্রাম সড়ক।
গুরুত্বপূর্ণ এ সড়কের মাঝখানে ডাবলবেন্ড কালভার্টটি দীর্ঘদিন ভাঙ্গা থাকার ফলে বর্তমানে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। কালভার্ট ভাঙ্গা থাকার কারণে গাড়ি চলাচল তো দূরের কথা পায়ে হেঁটে পর্যন্ত যাওয়া সম্ভব হচ্ছে না। গ্রামীণ এই রাস্তা দিয়ে এলাকার শিক্ষার্থী ছাড়াও শত শত কৃষক প্রতিদিন ক্ষেত খামারে যাতায়াত করে থাকেন। একটি কালভার্টের অভাবে ওই সড়কের দুই কিলোমিটার এখন অকেজো হয়ে পড়েছে।” জনস্বার্থে ব্রিজটি দ্রুত নির্মাণ করে রাস্তাটি সচল করার দাবি জানান তিনি।
এব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম বলেন, “আমি এখানে নতুন যোগদান করেছি। কালভার্টটি কোন দপ্তরের কোন প্রকল্পের অধীনে বাস্তবায়ন করা হয়েছে, তা রেকর্ডপত্র দেখা ছাড়া বলতে পারবো না।”
এব্যাপারে চন্দনাইশ উপজেলা প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মঃ বিল্লাল হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “দুই বছরেরও অধিক সময় পর্যন্ত কালভার্টটি ভেঙে পড়ে আছে, তা আমাকে কেউ অবহিত করেনি। তাছাড়া ভাঙ্গা সেতুটি যে সড়কে, সম্ভবত সেটি আমাদের আইডিভুক্ত সড়ক নয়। তারপরেও আগামীকাল (রবিবার) লোক পাঠিয়ে খবর নেবো।








