সিপ্লাস প্রতিবেদক: দায়িত্বে অবহেলার কারণে পটিয়া রেল স্টেশনের স্টেশন মাস্টারকে শোকজ ও সহকারী স্টেশন মাস্টারকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
সোমবার (০৮ ফেব্রুয়ারি) তাদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় বলে জানান রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা স্নেহাশীষ দাশগুপ্ত। তিনি বলেন, উপযুক্ত জবাব দিতে না পারলে তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শোকজ পাওয়া স্টেশন মাস্টার হলেন মাজহারুল ইসলাম ও সাময়িক বহিষ্কার হওয়া সহকারী স্টেশন মাস্টার হলেন শামসুন নাহার।
অভিযোগে উল্লেখ, পটিয়া স্টেশনে চট্টগ্রাম-দোহাজারী রুটে চলাচল করা ডেমু ট্রেনের অনেক যাত্রী সোমবার (০৮ ফেব্রুয়ারি) টিকিট পাননি। স্টেশন মাস্টার ও সহকারী স্টেশন মাস্টার ওই সময় স্টেশনে ছিলেন না। ফলে যাত্রীরা ভোগান্তির শিকার হন।

