সিপ্লাস ডেস্ক: আগামী চার বছরের জন্য দ্বিতীয় মেয়াদে আবারও হামাসের প্রধান হিসেবে নির্বাচিত হলেন ইসমাইল হানিয়াহ। ফিলিস্তিনি এই ইসলামিক দলের এক কর্মকর্তা গতকাল রবিবার এ খবর নিশ্চিত করেছেন। তথ্যসুত্রঃ রয়টার্স।
গাজায় হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিনের ডান হাত ছিলেন ইসমাইল হানিয়াহ।২০০৪ সালে শেখ ইয়াসিন নিহত হন। ২০০৬ সালে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেন ইসমাইল হানিয়া। ওই বছর ফিলিস্তিনের সাধারণ নির্বাচনে সবাইকে অবাক করে হামাস জয়ী হয়। মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহ পার্টি নির্বাচনে হামাসের কাছে হেরে যায় । তখন থেকেই হামাস গাজা শাসন করে আসছে। গত দু’বছর ধরে ইসমাইল হানিয়াহ তুরস্ক ও কাতারে বসবাস করছেন।
২০০৬ সালের জানুয়ারি মাসে হওয়া ওই নির্বাচনের পর হানিয়াহ ফিলিস্তিনের প্রধানমন্ত্রী হন। কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় তার নেতৃত্বাধীন সরকারকে স্বীকৃতি দেয়নি। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে।উল্লেখ্য, গত মার্চে ইয়াহিয়া আল-সিনওয়া দ্বিতীয় মেয়াদে গাজায় হামাসের প্রধান নির্বাচিত হন।
২০১৭ সাল থেকেই হামাসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন ইসমাইল হানিয়াহ। এই সময়ের মধ্যে ইসরায়েলের সঙ্গে বেশ কয়েকবার সহিংসতায় জড়িয়েছে গোষ্ঠিটি। সর্বশেষ গত মে মাসে টানা ১১ দিনের সহিংসতায় নারী-শিশুসহ গাজায় অন্তত ২৫০ ও ইসরায়েলে ১৩ জন নিহত হয়েছেন।








