করোনাভাইরাস নিয়ে জনআতঙ্কের সুযোগে স্যানিটাইজার ও চাল-ডালের দাম বেশি রাখায় নগরীর বিভিন্ন বাজারের ছয়টি দোকানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার নগরীর রিয়াজ উদ্দিন বাজারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক অভিযান পরিচালনা করেন।
তিনি বলেন, বেশি মূল্যে স্যানিটাইজার বিক্রি করায় শাহজালাল স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এই বাজারের নবী স্টোরে চাল ও পেঁয়াজের দাম বেশি রাখায় ও বিক্রি রশিদ দেখাতে না পারায় ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
পেঁয়াজ ও আদার দাম বেশি রাখায় শাকিল ট্রেডার্সকে আট হাজার টাকা এবং রসুন ও পেঁয়াজের দাম বেশি রাখায় ইসমাইল সওদাগর স্টোরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া চৌমুহনী কাঁচাবাজারে মূল্য তালিকার চেয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় একটি মুদি দোকানকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।
অন্যদিকে কর্ণফুলী কমপ্লেক্সে স্বপ্না স্টোরকে দুই হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক।








