কৃত্রিম সংকট সৃষ্টি ও দ্রব্যমূল্যের বাজার অস্থিতিশীল করলে মোবাইলকোর্টসহ কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আশরাফুল আফসার।
তিনি বলেন, সরকারকে বিব্রত করতে একটি মহল নানামুখি অপপ্রচারে লিপ্ত। দেশে লবণের কোন সংকট নেই। চাহিদার অতিরিক্ত মজুদ রয়েছে। পেঁয়াজের বাজারও ক্রমান্বয়ে স্থিতিশীল হয়ে আসছে। দুই-একদিনের মধ্যে পুরোপুরি বাজার নিয়ন্ত্রণে চলে আসবে। তবু সাধারণ মানুষকে বিভ্রান্ত ও ভীতি সঞ্চার করছে কিছু লোক। কক্সবাজার জেলায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার বিষয়ে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময়কালে এডিসি মোহাম্মদ আশরাফুল আফসার এসব কথা বলেন।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসনের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বলেন, অপপ্রচারকারীদের খোঁজে বের করা হবে। কাউকে ছাড় দেয়া হবেনা।

