সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, ধর্ম পালনের স্বাধীনতা সাংবিধানিক অধিকার এটা দয়া বা করুনা নয়। এ দেশে জন্মগ্রহণকারী সকলে একই অধিকার ভোগ করবে। সাম্প্রদায়িকতামুক্ত দেশ গড়তে সকলকে মিলেমিশে কাজ করতে হবে।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় শারদীয় দূর্গাপুজা উপলক্ষে বোয়ালখালী উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন ও বস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ১৯৭১ সালে ৩০ লক্ষ শহীদ ও তিনলক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে। কিন্তু স্বাধীনতার এতবছর পরে এসে সনাতনী সম্প্রাদায়ের শারদীয় দুর্গোৎসবকে ঘিরে অজানা আতঙ্কে ভুগতে হচ্ছে আমাদের। কিন্তু সরকারের কঠোর অবস্থান এবং দেশপ্রেমী মানুষের সহযোগিতার ফলে সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপিত হচ্ছে দুর্গাপূজা।
তিনি অসাম্প্রদায়িক উন্নত দেশ গড়ার জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান। তিনি সকল সম্প্রদায়ের সম্প্রীতির মাধ্যমে জাতীয় উন্নয়ন ও সমৃদ্ধি বাড়বে বলে উল্লেখ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন এমরান, বোয়ালখালী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, বোয়ালখালী পৌরসভার নবনির্বাচিত মেয়র জহুরুল ইসলাম জহুর, বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ আবদুল করিম, চেয়ারম্যান বেলাল হোসেন, চেয়ারম্যান আবদুল মান্নান মোনাফ, কাউন্সিলর হাজী নাছের আলী, কাউন্সিলর সুনিল ঘোষ, কাউন্সিলর মো: পারভেজ, কাউন্সিলর ইসমাইল হোসেন আবু, অধ্যাপক আবু নইম ইব্রাহিম, মনসুর আহমদ বাবুল, বোয়ালখালী উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক ওসমান গনি, আবদুল্লাহ হারুন বিন রিপন, বোয়ালখালী উপজেলা ছাত্রলীগ সভাপতি আবদুল মোনাফ মহিন প্রমুখ।








