বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের রোয়াংছড়িতে জেএসএস সন্ত্রাসীরা গুলি করে নও মুসলিম মোহাম্মদ ওমর ফারুক ত্রিপুরাকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সাংবাদিক সম্মেলন হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (২২জুন) সকালে লামা ও বিকালে আলীকদমে উপজাতীয় মুসলিম কল্যাণ সংস্থা ও পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ লামা শাখার যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, রোয়াংছড়িতে জেএসএস সন্ত্রাসীরা বাড়ী থেকে জোর পূর্বক বের করে নও মুসলিম মোহাম্মদ ওমর ফারুক ত্রিপুরাকে গুলি করে হত্যা করে।
তারা বলেন, শুধু মাত্র মুসলিম হওয়ার কারণেই তাকে হত্যা করা হয়। এসময় তারা সন্ত্রাসীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
এতে বান্দরবান পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সভাপতি কাজী মুজিবুর রহমান, সেক্রেটারী মোঃ নাছির উদ্দিন, সহসভাপতি মোঃ রুহুল আমিনসহ জেলা ও লামা আলীকদম উপজেলার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।








