Site icon CPLUSBD.COM

নকল যৌন উত্তেজক ও অনুমোদনহীন ওষুধ জব্দ, জরিমানা ১০ লাখ

সিপ্লাস প্রতিবেদক: নগরের মনসুরাবাদ এলাকায় একটি ওষুধের গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল যৌন উত্তেজক ও অনুমোদনহীন ওষুধ জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৭ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। এসময় প্রতিষ্ঠানটিকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ডবলমুরিং থানাধীন মনসুরাবাদ পাসপোর্ট অফিসের পাশে আলী স্টোর নামক ওষুধের গুদামে এ অভিযান পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বলেন, মনুসরাবাদ এলাকায় আলী স্টোর নামক একটি ওষুধের গুদামে অভিযান চালানো হয়। এতে মালিকের ড্রাগ লাইসেন্স না থাকায় এবং অনুমোদনহীন ওষুধ বিক্রি করার অপরাধে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। পরে অনুমোদনহীন ওষুধ সমুহ ধ্বংস করা হয়।

ওষুধ প্রশাসন অধিদফতরের সহকারী পরিচালক হোসাইন মোহাম্মদ ইমরান বলেন, ওষুধের গুদামে যৌন উত্তেজক ওষুধ পাওয়া যায়। এসব ওষুধে একবার সেবন করলে মাদকের মত আসক্তি তৈরি হয়। তাছাড়া এসব ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে। তাই এসব অনুমোদনহীন ওষুধ জব্দ করে ধ্বংস করা হয়।