নিউজটি শেয়ার করুন

নগরীতে অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

সিপ্লাস ডেক্স: চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারসহ কয়েকটি বাজারে আলু, পেঁয়াজসহ নিত্যপণ্যের পাইকারি ও খুচরা বিক্রেতাদের মূল্য তালিকা ও কেনার রশিদ পর্যবেক্ষণ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

এ সময় ৫ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় মোট ১ লাখ ৩৭ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) চট্টগ্রামের আলুর বড় পাইকারি বাজার পরিদর্শনকালে পাইকারি বিক্রেতারা সরকার নির্ধারিত দামে আলু বিক্রির প্রতিশ্রুতি দেন এবং মূল্য তালিকা সংশোধন করে ২৫ টাকা লেখেন।

এপিবিএন-৯ এর সহায়তায় এ অভিযানে নেতৃত্ব দেন অধিদফতরের বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ, সহকারী পরিচালক (মেট্রো) পাপীয়া সুলতানা লীজা ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান।

সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান জানান, অধিদফতরের মহাপরিচালকের নির্দেশ ও প্রদত্ত ক্ষমতাবলে বিভাগীয় ও জেলা কার্যালয় তদারকিমূলক কার্যক্রম পরিচালনা করা সময় রিয়াজউদ্দিন বাজারের প্রবেশমুখের খাজা সুইটসকে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে খোলা অবস্থায় খাদ্যপণ্য সংরক্ষণ করায় ১৭ হাজার টাকা জরিমানাসহ প্রায় ১০ কেজি জিলাপি ধ্বংস করা হয়। মক্কা সুইটস অ্যান্ড বেকারিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রক্রিয়া করায় ১০ হাজার টাকা, জব্বার সুইটসকে ছাপানো নিউজপ্রিন্ট ব্যবহার করে খাদ্যপণ্য সংরক্ষণ ও রাস্তার পাশে ধুলোবালিপূর্ণ স্থানে জিলাপি সংরক্ষণ করায় ১৫ হাজার টাকা জরিমানাসহ বর্ণিত মিষ্টি ধ্বংস করা হয়। হালিশহর থানার সুন্নাহ মার্টকে উৎপাদন ও মেয়াদবিহীন পণ্য সংরক্ষণ করায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও একজন ক্রেতার অভিযোগের প্রেক্ষিতে সুমি`স হট কেককে লেবেলবিহীন রং ও ফ্লেভার ব্যবহার করে কেক তৈরি এবং অস্বাস্থ্যকর পরিবেশে কেক তৈরির উপকরণ রাখায় ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরো জানান, জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।