নগরজুড়ে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে প্রচারণা চালিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। পাশাপাশি মসজিদগুলোতেও প্রচারণা চালানো হয়েছে। এছাড়া বিভিন্ন এলাকায় মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২০ মার্চ) নগরজুড়ে সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমানের নির্দেশে এ প্রচারণা চালানো হয়।
সিএমপির বিভিন্ন থানার ওসি, ১৪৫ টি বিটের অফিসাররা তাদের এলাকার প্রচারণা চালান।
সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) আবু বক্কর ছিদ্দিক জানান, করোনা ভাইরাসের বিষয়ে জনগণকে সচেতন করতে সিএমপি কমিশনারের নির্দেশে নগরজুড়ে প্রচারণা চালানো হয়েছে। মসজিদে জুমার নামাজের আগে থানার ওসিরা সচেতনতামূলক বক্তব্য দিয়েছেন। বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়েছে।
বায়েজিদ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রিদওয়ানুল হক জানান, করোনা ভাইরাসের বিষয়ে জনগণকে সচেতন করতে মাইকিং করেছি। লিফলেট বিরতণ করেছি। করোনা ভাইরাস নিয়ে গুজব না ছড়াতে জনগণকে অনুরোধ করেছি।

