সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার শাহ আমানত সেতু সংযোগ সড়ক এলাকায় অভিযান চালিয়ে ট্রাভেল ব্যাগে করে ইয়াবা পাচারকালে ১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৪৯ হাজার ২৮০ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আটকরা হলেন- কক্সবাজার অফিস জেলার উখিয়া থানার কুতুপালং পুরাতন রেজিস্টার রোহিঙ্গা ক্যাম্প ২ নম্বর ই-ব্লকের সালামত উল্লাহের ছেলে মো.ইউসুফ (৩৫) ও বান্দরবান জেলার আলীকদম থানার সাবের মিয়া পাড়ার মৃত আব্দুর হাকিমের মো. সেলিম হোসেন (৩৫)।
শুক্রবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১২ টার দিকে র্যাব-৭ তাদের আটক করে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো.নূরুল আবছার গণমাধ্যমে জানান, র্যাব গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কয়েকজন মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরের দিকে আসছে। ওই সংবাদের শুক্রবার দুপুর ১২ টার দিকে অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে দুইজন ব্যক্তি ট্রাভেল ব্যাগ নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় র্যাব সদস্যরা ধাওয়া করে তাদের আটক করেন।
তাদের সাথে থাকা ট্রাভেল ব্যাগ তল্লাশি করে ৪৯ হাজার ২৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ কোটি ৫০ লাখ টাকা।
আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটকদের বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।








