বোয়ালখালী প্রতিনিধিঃ বোয়ালখালীতে র্যাবের অভিযানে এক প্রতারক চক্রের চার সদস্যকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে প্রতারণা ও ভিডিও তৈরিতে ব্যবহৃত ১০টি মোবাইল উদ্ধার করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে ওই উপজেলার গোমদণ্ডী ইউপির ফুলতল এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- বোয়ালখালীর জমাদার বাড়ির ফয়েজুল ইসলামের মেয়ে শাকিলা আক্তার, কাউছার পারভীন ও ফারজানা আক্তার প্রকাশ বেনু, নগরীর বাকলিয়া থানার চাক্তাই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে মো. সানি। সানি সম্পর্কে তাদের ভগ্নিপতি।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মাহমুদুল হাসান মামুন জানান, বিভিন্নভাবে ফাঁদে ফেলে লোকজনকে বাসায় ডেকে নিয়ে কৌশলে নগ্ন ছবি ও ভিডিও ধারণ করছে একটি চক্র। এরপর সেসব ছবি-ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে হাতিয়ে নিচ্ছে সর্বস্ব। ১৯ সেপ্টেম্বর র্যাবের কাছে এমন অভিযোগ করেন এক ভুক্তভোগী। অভিযোগ পেয়ে শুরু হয় ছায়াতদন্ত করে অভিযান চালানো হয়েছে।








