নগরের এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে মুজিব বর্ষের ক্ষণগণনা অনুষ্ঠানে ঢল নেমেছে মানুষের।
শুক্রবার (১০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নগরে স্থাপিত ৪টি ‘কাউন্ট ডাউন ক্লক’ উদ্বোধনের কথা থাকলেও দুপুর ২টা থেকে জিমনেশিয়াম মাঠে আসতে শুরু করেন সর্বস্তরের মানুষ।
ক্ষণগণনা অনুষ্ঠান উপলক্ষে বন্ধ করে দেওয়া হয়েছে কাজীর দেউড়ি মোড় থেকে লালখান বাজার মোড় সড়ক।
এদিকে বিকেল ৩টার আগেই জিমনেশিয়াম মাঠ মুক্তিযোদ্ধা, রাজনীতিক, সরকারি কর্মকর্তা, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠে।
অনুষ্ঠানকে কেন্দ্র করে জিমনেশিয়াম মাঠ ও আশেপাশের এলাকা সাজানো হয়েছে বর্ণিলভাবে। টাইগারপাস মোড় থেকে কাজীর দেউড়ি ও লাভলেন মোড় পর্যন্ত পুরো এলাকাকে বঙ্গবন্ধুর আন্দোলন-সংগ্রামের ঐতিহাসিক ছবি, রঙিন ব্যানার ও ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে।
জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে নগরে স্থাপিত চারটি ‘কাউন্ট ডাউন ক্লক’ উদ্বোধন করবেন। পুরাতন নগর ভবনের সামনে ‘এ’ ক্যাটাগরির একটি, সার্কিট হাউজের সামনে, আদালত ভবনের সামনে এবং শাহ আমানত সেতু এলাকায় ‘বি’ ক্যাটাগরির তিনটি কাউন্ট ডাউন ক্লক উদ্বোধন করা হবে একইসঙ্গে।








