সিপ্লাস প্রতিবেদক: তারা দুজনের নামই রমজান। আন্তঃজেলা কাভার্ডভ্যানের একজন চালক আরেকজন হেলপার। পণ্য নিয়ে চট্টগ্রামে আসলেও ফিরতি পথে যাবার সময় নিয়ে যান ইয়াবার চালান। কথিত দুলাভাই নামে এক ইয়াবা ব্যবসায়ী এসব তাদের হাতে তুলে দেয়। বিনিময়ে প্রতি চালানে তারা ২০ হাজার টাকা পান। অবশেষে তারা পুলিশের জালে ধরা।
রোববার রাতে ডবলমুরিং থানার কদমতলী মোড়স্থ ফ্লাইওভারের নিচে ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে তাদেরকে ২১,৭০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তারা হলেন, রমজান আলী (২১) ও রমজান আলী (৩৯)। তাদের মধ্যে প্রথমজন কাভার্ড ভ্যান চালক এবং দ্বিতীয় জন তার হেলপার।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (পশ্চিম) পংকজ দত্ত বলেন, ‘গতকাল রাত ১০ টার দিকে কদমতলী মোড় ফ্লাইওভারের নিচে ট্রাফিক পুলিশ বক্সের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন চালক ও হেলপার। জিজ্ঞাসাবাদ করলে তাদের কথা অসংলগ্ন মনে হয়। তখন তাদের সাথে থাকা একটি শপিং ব্যাগে তল্লাশি চালিয়ে ২১,৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।’
ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, তারা শাহজাহান নামে এক ব্যক্তির বাহক হিসেবে এসব ইয়াবা নিয়ে যাচ্ছিল। চট্টগ্রামের কথিত এক ‘দুলাভাই’র কাছ থেকে তারা এসব ইয়াবা সংগ্রহ করে। এর আগেও তারা একাধিকবার একই কায়দায় ইয়াবা সংগ্রহ করে। এই ঘটনায় এই দুই রমজান, পলাতক শাহজাহান ও কথিত দুলাভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।








