Site icon CPLUSBD.COM

নগরীতে ৬০ লক্ষ টাকা মূল্যের ইয়াবাসহ আটক ১

নগরীতে ৬০ লক্ষ টাকা মূল্যের ইয়াবাসহ আটক ১

সিপ্লাস প্রতিবেদক: মহানগরীর কর্ণফুলী থানাধীন শিকলবাহা এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম হাইওয়ে সড়কের পাকা রাস্তার মাথায় চেকপোস্টে গাড়ি তল্লাশি করে ৬০ লক্ষ টাকা মূল্যের ১৯ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ মোঃ আমিরুল ইসলাম মামুন (৪৫) নামে এক বাসযাত্রীকে আটক করেছে র‌্যাব ৭।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর ) তাকে আটক করা হয়।

আটককৃত মোঃ আমিরুল ইসলাম মামুন (৪৫) পাবনা জেলার আতাইকুলা থানার সাড়দিয়ার গ্রামের মৃত হাকিম উদ্দিন শেখের পুত্র।

র‌্যাব ৭ এর  সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ নূরুল আবছার আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর কর্ণফুলী থানাধীন শিকলবাহা এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম হাইওয়ে সড়কের পাকা রাস্তার উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশী শুরু করে।

এ সময় র‌্যাবের চেকপোস্টের দিকে আসা একটি যাত্রীবাহী বাস কে থামানোর সংকেত দিলে চালক বাসটি র‌্যাবের চেকপোস্ট এর সামনে থামায়। র‌্যাব সদস্যরা বাসের ভিতরে প্রবেশ করে বাস তল্লাশী শুরু করে।

তল্লাশীকালে বাসের ভিতরে থাকা একজন যাত্রীর কথোপকথনে সন্দেহ হলে আসামী মোঃ আমিরুল ইসলাম মামুন (৪৫)কে আটক করে। এ সময় ব্যাগ তল্লাশি করে ১৯,৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবত কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা চট্টগ্রামসহ দেশের অন্যান্য অঞ্চলের মাদক ব্যবসায়ীর নিকট পাচার করে আসছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৬০ লক্ষ টাকা।

আটককৃত আসামী ও উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর চান্দাগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।